ঢাকা, ২৯ জুন ২০২৫ – অন্তর্ভুক্তিমূলক ও বাজারভিত্তিক উন্নয়নের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে, আইডিই বাংলাদেশ ঢাকার লো মেরিডিয়ান হোটেলে আয়োজিত “Catalyzing Markets: iDE Bangladesh Private Sector Engagement Summit 2025” অনুষ্ঠানে তাদের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্র্যাটেজি ২০২৫-২০৩০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
এই সামিটে সরকারি প্রতিনিধিসহ শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী ও দেশের শীর্ষস্থানীয় বেসরকারি খাতের দুইশোরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, এসএমসি, লাল তীর সিড লিমিটেড, এনআরবিসি ব্যাংক, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, রহিম আফরোজ, ইসপাহানি এগ্রো, ব্র্যাক, গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এছাড়াও বিশ্বব্যাংক, এফসিডিও, ইউনিসেফ, জিআইজেড, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালীয় ও ডেনিশ দূতাবাসের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনের সময় ১৪টি প্রাইভেট সেক্টর প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয় এবং একটি উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় যেখানে কৃষি, ওয়াশ, নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি ও ফিনটেক খাতের সর্বাধুনিক সমাধানগুলো প্রদর্শিত হয়।
প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, পিপিআরসি ও চেয়ারপারসন, ব্র্যাক, বলেন, “আইডিইর এই স্ট্র্যাটেজি সময়োপযোগী ও দূরদর্শী এক উদ্যোগ, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য কার্যকর কাঠামো গড়ে তুলবে।”
বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (ফাইন্যান্স) উজমা চৌধুরী, এসএমসির অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোহিউদ্দিন আহমেদ, এনআরবিসি ব্যাংকের সিনিয়র ইভিপি কাজি মো. সাফায়েত কবির, দি মেটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (RSF) এর সিইও নিতাই পদ সাহা এবং আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামীর কার্কি।
সামীর কার্কি বলেন, “এই স্ট্র্যাটেজি শুধুমাত্র একটি নীতি-নির্ধারণী দলিল নয়, এটি একটি সমবেত ভিশন, যেখানে ব্যবসা ও উন্নয়ন একসঙ্গে কাজ করে টেকসই ও সকলের জন্য কার্যকর এমন বাজার গড়ে তোলার লক্ষ্যে নবীন সমাধান সৃষ্টি করে।”
নতুন এই কৌশলগত রোডম্যাপটি আইডিই বাংলাদেশের চার দশকের অভিজ্ঞতার প্রেক্ষিতে তৈরি, যার লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বৃহৎ কর্পোরেশন পর্যন্ত সব স্তরের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থা গড়ে তোলা।








