আগামীকাল, ২১ জুলাই, যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫ পালিত হবে। ২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের একটি মুখ্য কেন্দ্র, যা গণঅভ্যুত্থানের স্ট্যালিনগ্রাড হিসেবে পরিচিত। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ এবং অদম্য সাহস আজকের প্রজন্মের কাছে এক গৌরবময় ঐতিহ্য ও দিকনির্দেশনা হয়ে দাঁড়িয়েছে।
এই স্মৃতি ও সংগ্রামের প্রতিফলন ঘটাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই দিবসকে উদ্যাপন করা হচ্ছে। রাজধানীর যাত্রাবাড়ী, ইবনে সিনা হাসপাতালের সংলগ্ন রাজপথে এই আয়োজনে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন ইতিহাসচর্চা, স্মৃতিচারণ, হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি ও দিকনির্দেশক গান পরিবেশন করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের গল্প ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের তথ্যচিত্র প্রদর্শনী থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিরোধ ও পুনর্জাগরণের বার্তা বহন করা একটি ড্রোন শো প্রদর্শিত হবে।
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো মাদরাসার শিক্ষার্থীদের এই বীরত্বপূর্ণ ভূমিকাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবে। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রের গুণীজনরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন রাজধানীর রাস্তাগুলো স্তব্ধ ছিল, তখন মাদরাসার ছাত্ররা দেশপ্রেম এবং নৈতিকতার জোরে স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিল। রক্তের ঋণ শোধ করে লেখা এই ঐতিহাসিক অধ্যায় যেন ভুলে না যায়, তার জন্য এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে।
এই কার্যক্রমে সকল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, যাত্রাবাড়ীর জুলাই সহযোদ্ধা ও সাধারণ জনগণকে অংশগ্রহণের জন্য উত্সাহিত করা হয়েছে।








