আজ বাংলাদেশের রাজনীতি ও জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব ও কৈশোর বেশীরভাগ সময় কাটে বাবার কর্মস্থল দিনাজপুরে। খালেদা জিয়া পরিবারের ছয় সন্তানদের মধ্যে চতুর্থ ও তিনি চার বোন এবং দুই ভাইয়ের মাঝে একমাত্র কন্যা। তার পিতা এস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন গুণীজন।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার দেশে বিএনপি দলীয় কার্যালয়সমূহ ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন ঘোষণা করেছে দলটি। তবে বিশেষ নির্দেশনায় নেতাকর্মীদের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটার মতো আভিজাত্য থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দেশের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের দোয়া ও মিলাদ মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
রাজনীতিতে আসার আগে ১৯৮১ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের হত্যা পর দেশীয় রাজনীতিতে প্রবেশ করেন খালেদা জিয়া। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন। এরপর ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পান তিনি।
তার নেতৃত্বে বিএনপি সরকার তিনবার ক্ষমতায় আসে; ১৯৯১ থেকে ১৯৯৬ সাল, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। সে সময় তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি, যা বাংলাদেশের চলমান রাজনৈতিক ইতিহাসের অন্যতম সুপরিচিত অধ্যায় হিসেবে বিবেচিত।









