ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

আড়াইহাজারে এমপির নির্দেশে দুই ডাকাত আটক, পুলিশের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে দুই ডাকাত আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে মরদাসাদি গ্রাম থেকে তাদের ধরা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওই দিন বিকেল চারটার দিকে আড়াইহাজারের মাহমুদ ইউনিয়নের খিরদাসাদি গ্রামে ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। প্রকাশ্যে দিবালোকে হামলার পর এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে বিষয়টি জানান। স্থানীয়রা দাবি করেন, তারা ডাকাতদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছেন।

সংসদ সদস্যের নির্দেশমতো তাঁর ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, থানা পুলিশের সদস্য ও স্থানীয় কয়েকজন রাতেই মরদাসাদি গ্রামে অভিযান চালান। অভিযানের পর স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃত দুইজন হলেন মোহাম্মদ জাকারিয়া (৬০) ও মো. সোলায়মান (৪০)। আড়াইহাজার থানা পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, কে কাদের সঙ্গে সরাসরি জড়িত এবং কারা সহযোগী ছিলেন—তারা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।