ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ইউনূস-তারেক বৈঠক: ফখরুলের মতে রাজনিতির অন্যতম প্রধান ইভেন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি আরও জানান, এই বৈঠকের গুরুত্ব শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বেশ দৃষ্টিগোচর হবে। এই সাক্ষাতের মাধ্যমে দেশের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি উল্লেখ করেন, এই বৈঠক রাজনীতিতে নতুন দিকের সূচনা করতে পারে, যার মাধ্যমে নানা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে। তবে সেটি নির্ভর করবে নেতাদের গ্রহণযোগ্যতা ও দৃষ্টিভঙ্গির ওপরে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে এবং তার সাফল্যের জন্য সকলের পক্ষ থেকে শুভকামনার কথা জানান ফখরুল।

যদিও বৈঠকের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা এখনও জানা যায়নি, তবুও আগামী নির্বাচনের তারিখ নিয়ে যে বিরোধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা সমাধানে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতির মধ্যে ক্ষমতায় এসেছে। আমরা তাদের নির্বাচিত করেছি যদিও তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তেমন নেই, তবু প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট দক্ষ ও পারদর্শী। এই পরিস্থিতিতে সকলের সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত জরুরি।