ঢাকা | শুক্রবার | ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

এ দেশের মানুষ জামায়াতকে কখনো ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে দেবে না। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে ওই সংগঠন স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা এবং মা-বোনদের সম্ভ্রমহানির ঘটনায় জড়িত ছিল—এসব কারণে জনগণ তাদের কখনো ক্ষমতায় আনবে না।

বুধবার (২০ মে) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে তিনি পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনও করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিন মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে এবং পুষ্পবৃষ্টিতে অতিথিদের বরণ করেন। লাল গালিচায় সজ্জিত ওই রাজকীয় সংবর্ধনায় তিন মন্ত্রীই এলাকাবাসীর প্রাণবন্ত সাদরে অভিভূত হন।

সভায় মির্জা ফখরুল বলছিলেন, “একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো?” এ কথা বলতেই উপস্থিত জনতা জোরে কণ্ঠ দিয়ে ‘জামায়াতে ইসলামী’ বলে চিৎকার করে ওঠে। মন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, “নামটা জোরে বলতেই হবে। মিথ্যা কথা বলে, ধর্মের আশ্রয় নিয়ে রাজনীতি করা যাবে না। সত্য কথা বলে রাজনীতি করতে হবে।”

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় আরও বক্তব্য রাখেন—ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজন ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এলাকায় দলীয় একতার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন উপস্থিতরা।