জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা যখন সম্প্রতি নিজের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন, তখনই তার সহশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির এক বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টে উত্তেজনার সৃষ্টি হয়।
গত বুধবার রাত সাড়ে ১১টায় কনা তার ফেসবুক পেজে একটি পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে লিখেছিলেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।” ঠিক এক ঘণ্টা পর, রাত ১২টার দিকে, ন্যান্সি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে-বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়—বাণীতে শেয়াল রাণী।”
নেটিজেনরা মনে করছেন, ন্যান্সির এই ‘শেয়াল রাণী’ মন্তব্য সরাসরি কনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। বিশেষত কনার স্ট্যাটাসের ভাষা হুবহু উদ্ধৃত করে এই মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে।
এদিকে, বিষয়টি নতুন নয়। ২০২৩ সালের ১৪ জুলাই ন্যান্সি একবার শেয়ালের ছবি পোস্ট করেও আলোড়ন সৃষ্টি করেছিলেন। অনেকের ধারণা, তখনও তিনি কনাকে নিশানা করে এই পোস্ট দিয়েছিলেন। তখন কনার ‘দুষ্টু কোকিল’ গানটি আলোচিত ছিল।
যদিও দুই শিল্পী কখনোই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবুও ন্যান্সির এ নতুন পোস্টকে অনেকেই পরোক্ষ আক্রমণ হিসেবে দেখছেন।
উল্লেখযোগ্য যে, কনা ২০০০ সালে এবং ন্যান্সি ২০০৬ সালে সংগীত জগতে পদার্পণ করেন। ন্যান্সির সাম্প্রতিক এই মন্তব্যের পর তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।









