ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা-৯ জাতীয় সংসদ আসন পুনর্বহালসহ নতুন নির্বাচনী সীমানা বাতিলের দাবি নিয়ে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার বিকেল চারটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এক ঘন্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছিল বিক্ষোভের এক প্রধান অংশ।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন দেশের ৩৯টি আসনের পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করে, যার মধ্যে রয়েছে কুমিল্লার ছয়টি আসন। এর পর থেকেই কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরী ও তার সমর্থকরা পুনর্বহালের দাবিতে বিভিন্ন ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন।

এছাড়া তারা কুমিল্লা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে স্মারকলিপি প্রদান করেও তাদের অবস্থান জানিয়েছিলেন। এই ধারাবাহিকতায় বুধবারের মহাসড়ক অবরোধ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ শেষে কুমিল্লা সদর দক্ষিণ বিএনপির সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, ছাত্র সমন্বয়ক নূর মোহাম্মদ, সাবেক ভাইস চেয়ারম্যান ঈসমাইল হোসেন, আবুল কালম আজাদ খোকা, তারিফুল ইসলাম তারিফ, রুবেল হোসেনসহ অনেকে বক্তব্য দেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবি ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।