চলমান যুদ্ধবিরতি আলোচনা এবং রাফায় ফিলিস্তিনিদের বিতর্কিত পুনর্বাসন পরিকল্পনার মধ্যে দিয়েই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিশেষত, শিশুদের খাবার সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে ৯ শিশুর প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এই বিমান হামলায় কেন্দ্রীয় গাজার দেইর আল-বালাহ এলাকায় পুষ্টি সহায়তা নিতে আসা ১৫ জন ফিলিস্তিনি নিহত হন; যাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী রয়েছেন। এই হামলার ফলে অন্তত ৩০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১৯ জনই শিশু।
কাতার ভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে ‘অমার্জনীয়’ হিসাবে উল্লেখ করে বলেন, ‘সাহায্যের অপেক্ষায় থাকা পরিবারগুলোর ওপর এমন নির্মম হামলা গাজার ভয়াবহ বাস্তবতার ফের একবার প্রতিফলন ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাজায় অপর্যাপ্ত সহায়তার কারণে সেখানে শিশুদের মধ্যে অপুষ্টি ও দুর্ভিক্ষের ঝুঁকি আরও বাড়ছে। জরুরি সহায়তা ও সেবা না পেলে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বাড়তেই থাকবে।’ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত ও পূর্ণমাত্রায় সহায়তা নিশ্চিত করা অত্যাবশ্যক।









