ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধাদের সম্মিলনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পূর্বে সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে শহীদ সাফওয়ান আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং জামালপুর জেলার সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান হয়। পাশাপাশি জেলার সমস্ত মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি শহীদ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং জনগণের মধ্যে ঐক্যবদ্ধ চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে পালিত হয়।