জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার তেজগাঁওস্থ সড়ক ভবন সংলগ্ন মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মইনউদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দোয়া শেষে সড়ক ভবনের সামনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হকসহ মন্ত্রণালয় ও সওজ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি, ড. শেখ মইনউদ্দিন এবং সিনিয়র সচিব মো: এহছানুল হক ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’র অংশ হিসেবে ঢাকার তেজগাঁওস্থ ডিটিসিএ ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন। এই অনুষ্ঠানে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিগুলো দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করার পাশাপাশি জাতীয় ঐক্য ও স্মরণোক্তিকে প্রগাঢ় করতে সাহায্য করেছে।








