ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন খালেদা জিয়া

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই আলোচনা সভা আজ বিকেল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘‘গণতন্ত্রের মহানায়িকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের নিজ বাসা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন।’’

উদ্বোধনী বক্তব্য বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিকেল তিনটায় হবে এই উদ্বোধন, সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এই আলোচনা সভা হলো ৩৬ দিনের কর্মসূচির প্রথম পর্ব, যা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ও বিজয়কে স্মরণ করে আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করবেন।

আলোচনা সভার মূল শিরোনাম হয়েছে ‘গণঅভ্যুত্থান-২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সভাপতিত্ব করবেন রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও বিভিন্ন সরকারবিরোধী আন্দোলনে প্রাণ হারানো ও নিখোঁজ বিএনপির নেতাকর্মীদের পরিবার-পরিজনদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপির জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য রাখবেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বিএনপি ইতোমধ্যে ৩৬ দিনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান এবং ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমসহ মোট ২২টির বেশি ভিন্নধর্মী আয়োজন।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘আলোর আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বলন কর্মসূচিও সফলভাবে সম্পন্ন হয়েছে, যা জুলাই-আগস্ট কর্মযজ্ঞের উদ্বোধন হিসেবে গ্রহণ করা হচ্ছে।