ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রাম্পের ঘোষণা: কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক, কার্যকর ১ আগস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই তথ্য তিনি বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পাঠানো এক চিঠিতে জানান।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, চলমান বাণিজ্যযুদ্ধের ধারাবাহিকতায় ট্রাম্প সোমবার থেকে আজ পর্যন্ত ২০টিরও বেশি চিঠি পাঠিয়েছেন বিভিন্ন দেশের নেতাদের কাছে। এর মাধ্যমে তিনি বাণিজ্যিক চাপ বাড়াচ্ছেন।

কানাডা ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার সমঝোতা আগামী ২১ জুলাইয়ের মধ্যে হওয়ার লক্ষ্য রয়েছে। তবে ট্রাম্পের এই সর্বশেষ শুল্ক হুমকির কারণে আলোচনাসমূহের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

একই সঙ্গে কানাডা এবং মেক্সিকো দুই দেশই ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যাতে উত্তর আমেরিকার তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্তবাণিজ্য চুক্তি ইউএসএমসিএ আবার সঠিক পথে ফিরে আসে। ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে পুরনো নাফটা চুক্তি বাতিল করে ইউএসএমসিএ চালু হলেও, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বিভিন্ন দেশে শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য চুক্তির স্থিতিশীলতা রক্ষায় বাঁধা সৃষ্টি করেছেন।

শুরুতে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর অনেক পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যদিও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। ট্রাম্পের বিশেষ অভিযোগ ছিল অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে প্রতিবেশী দেশ দুটির যথাযথ উদ্যোগ গ্রহণ না করার।

এরপর ইউএসএমসিএ চুক্তির আওতাধীন পণ্যসমূহের ওপর শুল্ক ছাড়ের মাধ্যমে বড় অংশের পণ্য শুল্কমুক্ত হয়।

বৃহস্পতিবারের এই চিঠি একটি সময় এসেছে যখন ট্রাম্প ও কার্নির মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হয়ে উঠছিল। এর আগে তিনি বিভিন্ন মন্তব্যও করেছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে ইচ্ছুক হওয়ার বিষয়ে।

গত ৬ মে কানাডার প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, পরে জি-৭ সম্মেলনেও দুই নেতা দেখা করেন, যেখানে অন্যান্য বিশ্বনেতারা ট্রাম্পকে বাণিজ্যযুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কানাডার কর আরোপ প্রত্যাহার করার মতো পদক্ষেপেও ট্রাম্প আলোচনার দরজা খোলা রাখেন।

অন্যদিকে, এনবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশকে এখনও এই ধরনের চিঠি পাঠানো হয়নি, তাদের ওপরও ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের চিন্তাভাবনা চলছে এবং সেটাও ১ আগস্ট থেকে কার্যকর হবে।

তাঁর কথায়, ব্রাজিলের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যদি আগে কোনো সমঝোতা না হয়। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের উদ্দেশেও শিগগির চিঠি পাঠানো হবে।

ট্রাম্পের হুশিয়ারি বলেনোর পরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী হলেও তারা পাল্টা ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাও বিবেচনা করছে। ট্রাম্পের পাঠানো চিঠিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রতি আচরণ নিয়েও প্রতিবাদ ব্যক্ত করা হয়েছে।