বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান শনিবার রাজশাহীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল, যারা ভোট ও গণতন্ত্রের প্রতি গভীর আস্থা রাখে। তিনি আরও জানান, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে দুইবার বাকশাল ব্যবস্থা কায়েম করেছে, যা মূলত স্বৈরশাসনের পরিচায়ক। বিএনপি সততা, আইনশৃঙ্খলা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাসী।
ডা. আব্দুল মঈন খান বলেন, দীর্ঘ ১৭ বছরের ব্যাপক নি¤œ্যাতনের পরও বিএনপি কখনো পিছু হটেনি। হাজার হাজার নেতা-কর্মী নানা মামলা-আসামির মুখোমুখি হয়েও দলের প্রতি আনুগত্য বজায় রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন থেকে দেশকে মুক্ত করার আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার ফল স্বরূপ জুলাই-আগস্টে ছাত্র-জনতা একযোগে রাস্তায় নেমে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় দিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক পথভ্রষ্ট রাজনৈতিক দল রয়েছে, তবে আওয়ামী লীগ সবচেয়ে বড় পথভ্রষ্ট দল। তাদের পরিণতি এমন হয়েছে যে অনেক নেতাকে দেশ ছেড়ে পলাতক হতে হয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি কোনো দলেরই সম্মুখীন হতে না হয়, এজন্য নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
ড. আব্দুল মঈন খান বলেন, সরকারকে জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করানোর জন্য দায়িত্ব দিয়েছে। যদিও দেশে সংস্কার ও বিচার প্রক্রিয়া এখনো চলমান, তা একদিনেই শেষ হবে না। তিনি স্বৈরাচারী সরকারের উক্তি ‘‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র’’ নস্যাৎ করে বলেন, এখন সময় এসেছে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের। বিএনপি নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বৈরাচারকে কখনো গ্রহণ করে না।
তিনি বিএনপিকে একটি ভিন্নধর্মী রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে বলেন, আমরা মানুষের সেবা করতে রাজনীতিতে এসেছি, এটি ব্যবসা হিসেবে দেখি না। মানুষের জন্য কাজ করলেই তারা পরিশ্রমের সঠিক ফল দিবে।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। এছাড়া দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









