ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে পরিচালনা কমিটির সপ্তম সভায়। সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এই সভায় কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া সভাপতিত্ব করেন। ২৫ জন সদস্য বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন।

সভা শুরুতে গত ০৫ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ কর্পোরেশন সভার কার্যবিবরণী এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জনাব আলী মনসুর ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এরপর পরিচালনা কমিটির সদস্যরা বাজেটের বিস্তারিত আলোচনা শেষে একমত পোষণ করে তা অনুমোদন দেন।

প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “এই বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়, এটি আমাদের সম্মানিত করদাতাদের আস্থা ও আমানত। নগরীর উন্নয়নে বাজেটের সফল বাস্তবায়ন আমাদের সবার দায়িত্ব এবং এটি শহরের দৈনন্দিন নাগরিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এছাড়া, সভায় ১৯৯৮ সাল থেকে চলমান ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২’ এর মেয়াদ শেষ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী, ঢাকা দক্ষিণে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। এছাড়া মন্ত্রীপাড়া এলাকার অস্থায়ী মসজিদটি একটি নান্দনিক তিনতলাবিশিষ্ট মসজিদে রূপান্তর করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব জনাব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।