ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজায়ন বৃদ্ধি এবং বনায়নের লক্ষ্যে বন অধিদপ্তরের সঙ্গে একটি সমঝোতা স্মারক আজ মঙ্গলবার নগর ভবনে স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া। কর্পোরেশন পক্ষে সচিব জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম ও বন অধিদপ্তরের পক্ষে ঢাকা সামাজিক বন সার্কেলের বন সংরক্ষক জনাব হোসাইন মুহম্মদ নিশাদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই পাঁচ বছরের চুক্তির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বায়ুদূষণ, পানিদূষণ, মাটিদূষণ, শব্দদূষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য ল্যান্ডস্কেপ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে বনায়ন ও সবুজায়ন কার্যক্রম পরিচালিত হবে। বন অধিদপ্তর এই উদ্যোগে কারিগরী পরামর্শ দেবেন এবং বনায়ন পরিচালনার জন্য প্রয়োজনীয় মনিটরিং ও তদারকির জন্য ম্যানুয়াল সরবরাহ করবেন। পাশাপাশি, বনায়ন পরবর্তী পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
চুক্তির প্রথম পর্যায়ে, কর্পোরেশনের অধীনস্থ ৮১.১০ কি.মি. দৈর্ঘ্যের মধ্যে ৩৫টি মিডিয়ানের মধ্যে প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৬টি মিডিয়ানে ঘাস এবং গাছ রোপণ করা হবে, যা নগরায়নের মাঝে সবুজ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শাহজাহান মিয়া বলেন, “১৯১৭ সালের পরিকল্পনায় ঢাকা একটি বাগানের শহর হিসেবে গড়ে উঠার কথা বলা হয়েছিল। কিন্তু আজকের দিনে অপরিকল্পিত নগরায়ন, ঘনবসতি ও জনসংখ্যার চাপের কারণে শহরটি থেকে সবুজ গাছপালা ও জলাশয় অনেকটাই হারিয়ে গেছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ঢাকা শহরটি একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হবে। এজন্য আমরা পরিকল্পিত বনায়ন ও সবুজায়নের মাধ্যমে শহরটিকে প্রাণবন্ত ও বাসযোগ্য করে তুলতে কাজ করছি। আগামী অর্থবছরে বৃক্ষরোপনে ৫০ লক্ষ টাকা বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।”
তিনি আরও বন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা এই উদ্যোগে সমর্থন ও সহযোগিতা প্রদান করেছে।
সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বন অধিদপ্তরের সামাজিক বনায়ন শাখার উপ-প্রধান বন সংরক্ষক ড. মোঃ জগলুল হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যৌথ উদ্যোগ ঢাকা শহরের পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।









