ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

দেশজুড়ে একযোগে চিরুনি অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রবিবার (১৩ জুলাই) থেকে সারা দেশে একযোগে চিরুনি অভিযান শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান।

উপদেষ্টা জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তীক্ষ্ণ নজরদারি চালাবে এবং কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকেই ছাড় দেয়া হবে না। সেই সাথে তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সম্পূর্ণরূপে রাষ্ট্রের।

মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিনি জানান, ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ছয় জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। যেই অপরাধীরাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকার এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। মিটফোর্ডের হত্যাকাণ্ড দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ন্ত্রণে আনার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুলনায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়ও একজনকে আটক করেছে প্রশাসন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সরকার অপরাধীদের ব্যাপারে কোনো আপস করবে না, অপরাধী যারই হোক না কেন—রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে কেউ ছাড় পাবে না। পুলিশ কোনো অপরাধীকে প্রশ্রয় দেবে না।

তিনি দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বলেন, জনগণের সুরক্ষা সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নিতে হবে।

নির্বাচন বিষয়েও উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে এবং ডিসেম্বরের মধ্যে এসব কাজ সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে। তারা সম্পূর্ণ মনোযোগ এবং দৃঢ় সংকল্প নিয়ে এই দায়িত্ব পালন করছে।