প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিমানবন্দ্রে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে পূর্বনির্ধারিত সফর বাতিল করে দেশে ফিরেছেন। তিনি সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দ্রে গিয়েছিলেন তিনি। তিনি ‘ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন’ সম্মেলনে যোগদানের জন্য প্রতিনিধি দলের সদস্য হিসেবে রওনা হন। বিমানবন্দরে নামার পরই ইমিগ্রেশনে তাঁর নাম ভারতীয় নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হওয়ায় তাকে আটকে রাখা হয় এবং দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।
সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, ঘটনাটি মূলত প্রশাসনিক সমন্বয়হীনতা ও তথ্য হালনাগাদ না হওয়ার ফল। আগেই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এক ব্ল্যাকলিস্ট থেকে তার নাম বিকেলে অপসারণ করা হয়েছিল, কিন্তু ভারতের অভিবাসন বিভাগের ডেটাবেসে সেই পরিবর্তন সময় মত হালনাগাদ না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা সতর্কতা জারি হয় এবং ইমিগ্রেশন কাউন্টারে অতিরিক্ত যাচাই-বাছাই শুরু হয়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডা. জাহেদ তাঁর পাসপোর্ট ফেরত দিয়ে পরবর্তী ফিরতি ফ্লাইটে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এবং সফর বাতিল করেন। সূত্র বলছে, পরিস্থিতি মূল্যায়নের পর দ্রুত দেশে ফিরে আসাই নিরাপদ ও উপযুক্ত পথ বিবেচিত হয়।








