ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাগরিকদের অংশগ্রহণে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নকে মূলমন্ত্র করে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী প্রস্তুতির অংশ হিসেবে আজ শনিবার (২৬ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ডিএসসিসির অঞ্চল-৭ এর ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড, গ্রীন মডেল টাউন – মান্ডা এলাকায় অনুষ্ঠিত এ অভিযানে কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।

সকাল ৬ টায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। তারা ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশা নিধনের জন্য ঔষধ প্রয়োগ করেন। জনগণকে সচেতন করতে স্থানীয় বাসিন্দা, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সদস্যদের অংশগ্রহণে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়, যা জনসচেতনতা বৃদ্ধি করেছে।

পরিচ্ছন্নতা কর্মসূচির সময় সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “নগরবাসীর পরিচ্ছন্নতা অভ্যাস পরিবর্তনের লক্ষ্যে যে বিশেষ অভিযান শুরু করা হয়েছিল, তার ইতিবাচক ফলাফল ইতিমধ্যে স্পষ্ট। এই অভিযান স্থানীয় জনগোষ্ঠীর সাথে সিটি কর্পোরেশনের সম্পর্ক উন্নয়নে এবং অঞ্চলভিত্তিক প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

এদিকে, ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “নাগরিক অংশগ্রহণই হচ্ছে আমাদের অভিযানগুলির মূল শক্তি। স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন আমাদের প্রধান উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে নাগরিকরা অতি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমরা এই ধরনের অঞ্চলভিত্তিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখব।”

পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে ডিএসসিসি শহরবাসীর স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।