ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ ভৈরবে মেঘনা নদী থেকে উদ্ধার

বাজিতপুর থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ভৈরবের মেঘনা নদী থেকে রাকিব (২৭) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) ভৈরবের লুন্দিয়া এলাকায় একটি মরদেহ নদীতে ভাসতে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার ও স্বজনরা জানিয়েছেন, গত ১০ আগস্ট বিকালে রাকিব বাড়ি থেকে ৫০০ টাকা নিয়ে একই উপজেলার কুকরাই গ্রামের বন্ধু শাওনের বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে ১৪ আগস্ট রাকিবের বড় ভাই রিয়াজ মিয়া বাজিতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ১৫ আগস্ট সকালে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধারের খবর পাওয়ার পর তিনি পুলিশকে উপস্থিত করে মরদেহ সনাক্ত করেন।

ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, লুন্দিয়া এলাকা থেকে রাকিবের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাকে হত্যার পর দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।