ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত কার্যক্রমে নির্বাচন কমিশন (ইসি) এবং সুশীল সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। রবিবার (২২ জুন) ঢাকায় ইউরোপীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে ইইউ দূতাবাস জানায়, তাদের লক্ষ্য বাংলাদেশের জন্য আরও গণতান্ত্রিক ভবিষ্যত নির্মাণে সুশীল সমাজকে ক্ষমতায়নে সহযোগিতা করা। এই উদ্দেশ্যে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এর সহায়তায় অংশীদার সংগঠন আনফারেল ১৮ থেকে ২০ জুন ঢাকায় তিনদিনব্যাপী একটি কর্মশালা আয়োজন করে। কর্মশালার মূল বিষয় ছিল নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইউরোপীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে সক্রিয় ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে অপরিহার্য। সকল অংশগ্রহণকারী এই ভূমিকা গুরুত্বপূর্ন বলে মত প্রকাশ করেছেন। একই সাথে, বাংলাদেশের নির্বাচন কমিশনও নির্বাচনী পর্যবেক্ষকদের জন্য স্পষ্ট দিকনির্দেশনা প্রণয়নে সহযোগিতা করার এবং কেন্দ্রীয় ভূমিকা পালনের কথা স্বীকার করেছে।
এই উদ্যোগগুলি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ, স্বচ্ছ ও গণতান্ত্রিক করে তোলার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া সহযোগিতার অংশ।









