ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পদ্মা সেতু সাইট অফিসে অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে পদ্মা সেতু সাইট অফিসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের উদ্বোধনী কর্মকাণ্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ ইকবাল হোসেন, উপপরিচালক, পরিবহন অডিট অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ আবদুর রউফ সরকারি তহবিলের সঠিক ব্যবহার ও অপচয় রোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি আর্থিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বপালনের পাশাপাশি দলিল ও নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনাও প্রদান করেন। সরকারি বিধি-নিয়ম মেনে অর্থের ব্যয় নিশ্চিত করতে তিনি জোর দেন, যাতে ভবিষ্যতে কোনো অডিট আপত্তি না সৃষ্টি হয়।

সেতু সচিব আরও বলেন, সরকারি সম্পদ হলো জনগণের আমানত, যা কর্মকর্তাদের যথাযথ ও দায়বদ্ধ ব্যবহারের মাধ্যমে সুরক্ষিত রাখতে হবে। জনগণের সেবা গ্রহণের ক্ষেত্রে যেন কোনরকম ভোগান্তি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

তিনি সবার প্রতি গুরুত্বারোপ করেন কর্তব্য সঠিকভাবে পালনে এবং নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ওপর। অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ ভবিষ্যতে অডিট সংক্রান্ত বিষয়গুলো আরো কার্যকরভাবে পরিচালনা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।