পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের সম্ভাবনা অন্বেষণ ও একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা কমিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করা হবে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
কমিটিতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিরা থাকবেন। বৈঠকে ব্যাংক ঋণের ওপর নির্ভরতার ঝুঁকি কমিয়ে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়। সেই সঙ্গে একটি সক্রিয় বন্ড মার্কেট প্রতিষ্ঠা করে তারল্য বৃদ্ধির উপায়সমূহ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
অর্থায়নের এই নতুন পথে পদক্ষেপ নিতে এবং প্রক্রিয়াসমূহ নির্ধারণের জন্য একটি যৌথ কমিটি গঠনকেই সমাধান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ, বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ পুঁজিবাজারকে শক্তিশালী করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি যোগাবে বলে আশা করা হচ্ছে।








