বাংলাদেশ পুলিশের পোশাকের রঙ পরিবর্তনের বিষয়ে চলমান আলোচনা এবং সমালোচনার মধ্যেই আবারও নতুন করে রঙ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফের ফিরিয়ে আনা হবে। এ পর্যায়ে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ এর সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, এর আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রঙ গাঢ় ধূসর ও প্যান্টের রঙ গাঢ় নীল নির্ধারিত ছিল। কিন্তু মাঠপর্যায়ে এই রঙ পরিবর্তনের প্রতি বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর ব্যাপক আলোচনা-সমালোচনার পর আবারও রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, সব মহানগর পুলিশ (মেট্রোপলিটন পুলিশ) এর শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের, এবং অন্যান্য ইউনিটের যেমন এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাবের শার্টের রঙ গাঢ় নীল হবে। আর প্যান্টের রঙ নির্ধারিত হয়েছে টিসি টুইল খাকি। এ পরিবর্তনের কার্যকারিতা নিশ্চিত করতে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ এর একাধিক বিধির সংশোধনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রস্তাবের খসড়াও ইতিমধ্যে পাঠানো হয়েছে। জানা যায়, এই পরিবর্তনের জন্য অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না, কারণ পোশাক সরবরাহের ওপর ভিত্তি করে এটি নির্ধারিত হচ্ছে।








