বাংলাদেশ বিমান বাহিনী ফেনী এলাকায় চলতি বছরের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়ন, সংস্কার ও পুনর্গঠন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুরে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী প্রধান বন্যা পরবর্তী এই উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের চেক হস্তান্তর করেন। একই সাথে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অন্তরঙ্গ আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাফল্যের কামনা করা হয়।
বিমান বাহিনীর সহায়তায় ছাগলনাইয়া উপজেলার হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ‘শাহীন ভবন’ শুভ উদ্বোধন করা হয়। এছাড়া দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান।
ফেনী জেলার বন্যা দুর্গতদের জন্য বিমান বাহিনী পরিচালিত ত্রাণ বিতরণ, মেডিকেল সেবা এবং চিকিৎসা সহায়তা কার্যক্রমের অবস্থা পর্যালোচনা করেন তিনি। একই সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেওয়া বিমান বাহিনী প্রধান স্থানীয় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির ভাষণে তিনি বিমান বাহিনীর ২০২৪ সালের বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিমান বাহিনী স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও দেশের সেবায় অবিচলভাবে কাজ করবে।
বিমান বাহিনী প্রধান আরও উল্লেখ করেন, কঠিন আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে বিমান বাহিনী পেশাদারিত্বের পরিচয় দিয়ে বন্যাদুর্গতদের দ্রুত সেবা পৌঁছে দেয়। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলায় হেলিকপ্টার ও ইউএভি ব্যবহার করে জরুরি উদ্ধার, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে।
বিমান বাহিনীর সূত্র জানায়, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও অবকাঠামো নির্মাণ ও সংস্কার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষত দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের জন্য চারতলা ভিত বিশিষ্ট ‘শাহীন ভবন’ তৈরি করা হয়েছে, যা দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। এই উন্নয়ন প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে বিমান বাহিনী ঘাঁটি বাশার ও একে খন্দকার।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।







