ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বরখাস্ত হলেন হামজাদের কোচ রুড ফন নিস্টেলরয়

ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব লেস্টার সিটিতে রুড ফন নিস্টেলরয়ের কোচিং অধ্যায় অবসান ঘটল। হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্লাবটি ‘পারস্পরিক সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব এখন নতুন কোচ খুঁজছে।

ডাচ কিংবদন্তি ফন নিস্টেলরয় লেস্টারে মাত্র ২৭ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে দল প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে এবং চ্যাম্পিয়নশিপে উন্নতি করতে পারেনি। গত বছরের নভেম্বরে স্টিভ কুপারকে বরখাস্ত করে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি দিয়ে নিস্টেলরয়কে নিয়োগ করেছিল লেস্টার, তখন তারা প্রিমিয়ার লিগের ১৬ নম্বরে ছিল। কিন্তু তার অধীনে পারফরম্যান্স আরও খারাপের দিকে এগিয়েছে।

শেষ পর্যন্ত ২০ এপ্রিল লিভারপুলের বিরুদ্ধে ১-০ গোলে হারার মাধ্যমে লেস্টারের প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়। বিদায়বার্তায় ফন নিস্টেলরয় ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, অ্যাকাডেমি ও সংশ্লিষ্ট সবাইকে তাদের পেশাদারিত্ব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ এবং সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। ক্লাবের ভবিষ্যত উন্নতির জন্য শুভ কামনা রইল।’

নিস্টেলরয়ের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে লেস্টার মাত্র ৫টি ম্যাচ জিতেছে, যার মধ্যে একটি ছিল এফএ কাপের কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে এবং চারটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যার মধ্যে দুটি ছিল অবনমিত সাউথ্যাম্পটন ও ইপ্সউইচ টাউনের বিপক্ষে।

নতুন কোচ নির্বাচনে এগিয়ে আছেন ইংলিশ কোচ শন ডাইচ, যিনি আগে বার্নলি ও এভারটনের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শেফিল্ড ওয়েডনেসডের কোচ ড্যানি রোলও এই দৌড়ে টিকে রয়েছেন।