ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে এডিবির সঙ্গে ১৩০ কোটি ডলারের ঋণচুক্তি; চারটি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন

বাংলাদেশ জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন অবকাঠামো এবং ব্যাংক খাতে সংস্কারের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১৩০ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

শুক্রবার (২০ জুন) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদির সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এ চুক্তিপত্রে সই করেন।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদির সিদ্দিকী বলেন, “এই ঋণচুক্তি আমাদের জলবায়ু সহনশীলতা বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।” তিনি আরও যোগ করেন, “এডিবির এই সহযোগিতা আমাদের জাতীয় অগ্রাধিকার অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।”

এই ঋণ চুক্তির আওতায় চারটি প্রকল্পের মধ্যে রয়েছে ৪০ কোটি ডলারের ‘জলবায়ু-স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি (সিআরআইডিপি)’, যা জলবায়ু সহনশীলতা বাড়ানো, কার্বন নির্গমন হ্রাস ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত। বাংলাদেশ এই প্রকল্পের জন্য ফ্রান্সের এজেন্সি ফ্রান্সেস ডি ডেভেলপমেন্ট (এএফডি) থেকে প্রায় ১১ কোটি ৩০ লাখ ডলার এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে ৪০ কোটি ডলার সহায়তা পাবে।

সিআরআইডিপি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ তৈরি, দুর্যোগ ঝুঁকি অর্থায়নের জোরদার, জেন্ডার-সংশ্লিষ্ট স্থানীয় অভিযোজন প্রচার এবং নবায়নযোগ্য জ্বালানি ও পরিবহন মাস্টার প্ল্যানের উন্নয়ন করবে।

আরেকটি প্রকল্প ২০ কোটি ডলারের ‘বিদ্যুৎ সঞ্চালন শক্তিশালীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি একীভূতকরণ প্রকল্প’, যার মাধ্যমে সারা দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নত করা হবে। বিশেষ করে বগুড়া, চাঁদপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, পিরোজপুর এবং সাতক্ষীরা জেলায় এই অবকাঠামো উন্নয়নের কাজ চলবে। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি ও বিদ্যুৎ সরবরাহকে নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা দেয়া হবে, যা কর্মসংস্থানও বৃদ্ধি করবে।

তৃতীয় প্রকল্পটি হলো ঢাকা উত্তর-পশ্চিম আন্তর্জাতিক বাণিজ্য করিডোর উন্নয়নের জন্য ২০ কোটি ৪০ লাখ ডলারের ঋণ। এই প্রকল্পের মাধ্যমে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে, যা দেশের আঞ্চলিক বাণিজ্য বিস্তারে সহায়ক হবে। বাণিজ্য করিডোরটি ভুটান, ভারত ও নেপালের সঙ্গে সংযোগ বাড়াবে। পাশাপাশি জলবায়ু সহনশীল ডিজাইন ও জেন্ডার-সংবেদনশীল বৈশিষ্ট্য যেমন ফুটব্রিজ এবং মটরবিহীন যানবাহনের জন্য আলাদা লেন অন্তর্ভুক্ত থাকবে।

চতুর্থ প্রকল্পের আওতায় ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও সংস্কারের জন্য ৫০ কোটি ডলারের একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নিয়ন্ত্রক তত্ত্বাবধান শক্তিশালী করা হবে, আর্থিক সম্পদের গুণগত মান উন্নত করা হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের দক্ষতা বাড়ানো এবং খেলাপি ঋণ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা প্রদান করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “এই সমন্বিত সহায়তা প্যাকেজ বাংলাদেশে দীর্ঘমেয়াদী জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”