বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো একটি দল সবসময় বিভ্রান্তিকর রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রায় এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘তারা একসময় স্বাধীনতার বিরোধী ছিল, পরবর্তীতে জনগণের অনুভূতির বিরুদ্ধে গেল। এখন আবার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি তাদের নাম উল্লেখ করব না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন কারা।’
সালাহউদ্দিন বলেন, দেশের সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালুর দাবি ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার জোরালো দাবি করেএমন কিছু দল রয়েছে, যা তিনি কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ‘যারা পিআর পদ্ধতি চালু ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি তুলছে, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়।’
আইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘যে দল দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের পাশে ছিল, এখন তারা পিআর ছাড়া নির্বাচনের দাবি করছে। অন্য একটি দলও বিভ্রান্তিকর রাজনীতিতে যুক্ত হয়ে তাদের সঙ্গে হাত মিলিয়েছে।’
তিনি বলেন, সাধারণ মানুষ পিআর ব্যবস্থাকে বোঝে না এবং চায় না। কারণ একজন নির্বাচনী স্থান থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন, স্থানীয় সমস্যা সমাধানে কাজ করেন। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটদাতা অন্য এলাকা থেকে নির্বাচিত এমপিকেই পাবেন যা জনগণের কাছে স্বাভাবিক নয়।
সালাহউদ্দিন আরও জানান, আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে এবং তাদের সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার ক্ষমতা রয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচনা করে এবং তারা যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে, সেটাই তাদের একমাত্র দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো কর্তৃত্ব তাদের নেই বলে তিনি জোর দেন।
তিনি উল্লেখ করেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবিতে চাপ দিচ্ছে, তারা মূলত বিভ্রান্তি সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে।







