সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় যেভাবে মব জাস্টিস হয়েছে, তা একেবারেই কাম্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ‘গতকাল রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর এসেছে, তা সঠিক নয়, তিনি এখনো গ্রেপ্তার হননি, গ্রেপ্তার হয়েছেন নুরুল হুদা।’
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম আরো বলেন, ‘নুরুল হুদা গ্রেপ্তারকালে যে মব জাস্টিস করা হয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের বিশৃঙ্খলা ঘটেছে, যেটির একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তদন্তের পর আইনশৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়াও তিনি জানান, কৃষিজমি দখল রোধের লক্ষ্যে একটি শক্তিশালী কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে। তিনি আরো জোর দেন যে, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়ানো খুবই জরুরি, যাতে স্থানীয় ফলের চাষ হারিয়ে না যায়।
পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা হর্টিকালচার সেন্টার ঘুরে দেখা শেষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।









