কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের সিংগোয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার বেলা ১২টায় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি নিয়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগ পর্যন্ত কাজলা গ্রামে মাদক সেবন বা ব্যবসায়ীর উপস্থিতি ছিল না। কিন্তু বর্তমানে যেকোনো স্থানে খুব সহজেই মাদক পাওয়া যাচ্ছে। একটি চক্র এলাকায় মাদক সরবরাহে সক্রিয় হয়ে উঠেছে এবং মাদকদ্রব্যে পুরো এলাকা বিষিয়ে উঠেছে। এতে করে বেকার যুবকসহ বিভিন্ন শ্রেণির মানুষ মাদকসেবী হচ্ছেন। এর ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অনেকেই প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছেন। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে এলাকার তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাবেন এই আশঙ্কা প্রকাশ করে এলাকাবাসী।
মানববন্ধনে দামিহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘‘কাজলা গ্রামে আগে মাদক সংশ্লিষ্ট কেউ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি ভয়াবহ। মাদকসেবী ও ব্যবসায়ীর সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। প্রশাসনের তৎপরতা না বাড়ালে অবস্থা আরও অবনতি হবে।’’
তাসলিমা-হাসেম ফাউন্ডেশন চেয়ারম্যান ও সমাজকর্মী অ্যাডভোকেট মাহফুজুল হক বলেন, ‘‘মাদক নির্মূল এককভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সম্ভব নয়। সরকারের পাশাপাশি পরিবার থেকে শুরু করে সমাজ সচেতন হতে হবে, পারিবারিক বন্ধন জোরদার করতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক থেকে তরুণ সমাজকে সুরক্ষা দিতে আমরা সবাই এ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করব।’’
এছাড়া মানববন্ধনে শিক্ষক হাসিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, সাবেক সেনা সদস্য ইসহাক মিয়া, ইউপি সদস্য রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য খোকন মিয়া, ব্যবসায়ী হুমায়ুন কবিরসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
গ্রামবাসীর এই আন্দোলনের মাধ্যমে তারা আশা প্রকাশ করেন, দ্রুত মাদক নির্মূলের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা নেবেন এবং গ্রামটিকে মাদকমুক্ত করার নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হবে।








