ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মির্জা ফখরুলের আশা: আগামী ফেব্রুয়ারির মধ্যে হবে নির্বাচন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, “একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে।” তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান আমাদের সামনে নতুন একটি পথ খুলে দিয়েছে, সেটিকে বাস্তবায়নে সবার যৌথভাবে কাজ করা উচিত।”

মির্জা ফখরুল আরও জানান, বিএনপির প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এসব মামলা ও দমন-পীড়নের কারণেই অনেকে প্রান হারিয়েছেন বলে তিনি দাবি করেন।

এর আগে, সকাল ৯টা ২৫ মিনিটে বিএনপি মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতারা ঢাকার একটি ফ্লাইটে স্বজনদের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অন্যদিকে, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী জানান, সোমবার বিকেলে সিলেটের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি মিলাদ মাহফিলে মির্জা ফখরুল অংশগ্রহণ করবেন। পাশাপাশি, সিলেটের দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে জুলাই-আগস্ট আন্দোলনে সিলেটে নিহতদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিবের সফরসঙ্গী হিসেবে রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতারা।