ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

মির্জা ফখরুলের দাবি: জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-1 আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলাম শুধু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেনি, বরং ইতিহাস বলছে তারা ১৯৪৭ সালে পাকিস্তান গঠনে ও তার পথপ্রদর্শনেও বিরোধিতা করেছিল। অর্থাৎ, তারা পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে এক নির্বাচনি পথসভায় এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অনেক মানুষ এই বিস্ময়কর ইতিহাস জানেন না। বইপত্রে এর স্পষ্ট প্রমাণ রয়েছে। যারা বাংলাদেশের স্বাধিনতা ও সার্বভৌমত্বের উপর আস্থা রাখেনি, তারা কীভাবে এই দেশকে নিরাপদ রাখতে পারে? যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কি এই দেশের মানুষের জীবন ভালো হবে?

তিনি আরও বলেন, যারা অতীতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আজো সেই ভূমিকা থেকে সরেনি, তাদের জন্য কখনো সমর্থন দেওয়া সম্ভব নয়। বারবার বলছি— যারা দেশের ক্ষতি করেছে, তাদের ভোট দেওয়া উচিত নয়।

অপরদিকে, স্থানীয়দের উন্নয়নের দাবির বিষয়ে আলোচনা করে মির্জা ফখরুল বলেন, কোন অঞ্চলের উন্নয়ন তখনই সম্ভব, যখন সেই এলাকার নেতৃত্ব হয় একজন সৎ, দেশপ্রেমিক ও ভালো মানুষ। সৎ নেতৃত্ব থাকলে উন্নয়ন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।