ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া সফলভাবে সম্পন্ন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উদ্যোগে উত্তরা সেন্টার ও বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে ভয়াবহ অগ্নিদুর্ঘটনার সম্ভাবনা মোকাবিলায় এক সংগঠিত অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন সকাল ১১টায় উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণি সেন্টারে দুটি আলাদা পর্যায়ে পরিচালিত এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশগ্রহণ করে। মহড়ায় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুল্যান্স এবং স্নোরকেল গাড়িসহ সর্বাধুনিক সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা হয়।

এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল মেট্রো রেল স্টেশনে কোনো অগ্নিদুর্ঘটনা ঘটলে দ্রুত ও দক্ষভাবে যাত্রী, পরিকাঠামো এবং সাধারণ লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া, অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে প্রেরণ করা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এবং স্থানীয় ফায়ার সার্ভিস ভলান্টিয়াররাও মহড়ায় সক্রিয় অংশগ্রহণ করেন।

মহড়া চলাকালে মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা তত্ত্বাবধান করেন। মহড়া শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম বক্তব্য প্রদান করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন এবং মহড়ার গুরুত্ব ও ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানের তত্ত্বাবধানে ও মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান শিকদার এবং সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত এই মহড়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানা গেছে।