ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের ইফতেখারুল শুভ গ্রেফতার

রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভ (৩৫) কে গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, শুভর বিরুদ্ধে গত বছরের জুলাই মাসে কেন্দ্র করে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

শুভ রংপুর নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। মামলার পর পুলিশি অনুসন্ধান এবং গ্রেফতার এড়াতে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন তিনি।

ওসি আতাউর রহমান আরও বলেন, শুভর বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে তিনি ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করার অভিযোগে অভিযুক্ত। মামলাগুলোর তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে ইফতেখারুল ইসলাম শুভকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ।