ঢাকা | সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সংগীত শিল্পীর মৃত্যু

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডালিম (৩৪) নামের এক সংগীত শিল্পীর

মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের বিলে

ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডালিম দুর্গাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন

ধরে লোকজ ধারার সংগীতচর্চার পাশাপাশি পেশাগতভাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন

কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন ডিপটিউবওয়েল লাইনে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ডালিম শ্রীপুর গ্রামের বিলে ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক

লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে

প্রচণ্ড শকে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, বিষয়টি খুবই

দুঃখজনক। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই জানা গেছে।

পরবর্তীত প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ডালিম স্থানীয়ভাবে ‘গামছা বাউল’ নামেই বেশি পরিচিত ছিলেন। গলায় গামছা বেঁধে নিজস্ব

ভঙ্গিতে গান গেয়ে এরমধ্যে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। লোকজ সুর আর

গ্রামীণ সংস্কৃতির প্রতিনিধিত্ব থাকতেন তার প্রতিটি পরিবেশনায়।

তার মৃত্যুতে দুর্গাপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী সমাজ ও

স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিষয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মী রাশেদুর রহমান রাশেদ বলেন, ডালিম শুধু একজন

মিস্ত্রি ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রাণের মানুষ। গ্রামীণ সুরের ধারক ও বাহক

ছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।