রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামের কোচিং সেন্টারে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) একটি বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী সেনাক্যাম্পের ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ইউনিটের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাত দেড়টা থেকে বোয়ালিয়া থানা এলাকার দরিখরবোনা ও কাঁদিরগঞ্জ ঘিরে মাসব্যাপী গোয়েন্দা নজরদারির পর এ অভিযান শুরু করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম অনিন্দ্য, যিনি রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। এছাড়া সন্দেহভাজন হিসেবে মো. রবিন ও মো. ফয়সাল নামের আরও দুজনকে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, বিদেশি সাতটি ধারালো ড্যাগার, পাঁচটি উন্নতমানের ওয়াকি-টকি সেট, একটি সামরিক মানের জিপিএস ডিভাইস, একটি টেজার গান, বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা এবং বিভিন্ন দেশি-বিদেশি মদ জব্দ করা হয়। পাশাপাশি বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা ১১টি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে এবং অভিযান সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনী কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানানো হয়েছে।








