ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

লিবিয়া থেকে আরও ১২৩ জন বাংলাদেশিকে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করা ১২৩ জন অনিবন্ধিত বাংলাদেশি নাগরিককে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট (ইউজেড ০২২২) এর মাধ্যমে সকাল ৯টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এদের অধিকাংশই মানবপাচারের শিকার। এই প্রত্যাবাসন কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সমন্বিতভাবে পরিচালনা করেছে।

দেশে ফেরার পর, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর প্রতিনিধিরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অনিবন্ধিতভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানের সময় তাদের অনেকেই মানবপাচারকারীদের দ্বারা অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

সরকারি কর্মকর্তারা ফেরত আসা এসব অভিবাসীকে সতর্ক করে বলেছেন, যেন তারা অন্যদের এই ধরনের বিপজ্জনক ও অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে সচেতন করেন এবং ভবিষ্যতে এমন যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে আইওএম প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা, জরুরি খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বর্তমানে লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে আটক অন্যান্য বাংলাদেশিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর যৌথ প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে।