সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজকল্যাণমূলক প্রতিটি সেবা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই এসব সেবার সুফল ভোগ করতে পারে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।
আজ ময়মনসিংহ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, জেলা সমাজসেবা ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, সেবা প্রদানে জটিলতা বা বিলম্ব বরদাশত করা হবে না, বরং মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। তিনি বলেন, সেবা প্রদান একটি পবিত্র কাজ। যদি আমরা জনগণের জন্য কাজকে ইবাদতের অংশ হিসেবে ধারনা করি, তাহলে আমাদের কাজের মান এবং আন্তরিকতা স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পাবে।
তিনি বৃহত্তর ইউনিয়ন পর্যায়ে সমাজকল্যাণমূলক সেবা কর্মসূচিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। নারীশক্তি বৃদ্বি, শিশু সুরক্ষা এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও সক্রিয় করে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সেইসঙ্গে উল্লেখ করেন, সারাদেশের ন্যায় ময়মনসিংহের পেছিয়ে পড়া, অসচ্ছল মানুষ এবং নারীরাও যেন সমান সুযোগ পায়, সেটাই আমাদের লক্ষ্য। ময়মনসিংহ সমাজসেবা বিভাগ এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্যও তিনি আহ্বান জানান।
সভা শেষে উপদেষ্টা শারমীন এস মুরশিদ শহর সমাজসেবা কার্যালয়ের অধীনস্থ সমন্বয় পরিষদ কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় থাকা তৃণমূল পর্যায়ের অসহায় প্রশিক্ষণগ্রহীতা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করবে।








