গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভাটি শনিবার বেলা ১১টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজন করা হয়।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাংবাদিক নাজমুল হক নাজিম, খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ, সাংবাদিক আবদুল মতিন ও জসিম উদ্দীন রাজ বক্তব্য দেন।
বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর বর্বরোচিত হামলার কড়াভাবে নিন্দা জানিয়ে, দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, যদি আইনের যথাযথ প্রয়োগ না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ও আন্দোলনের পথে যাওয়ার সংকল্প প্রকাশ করেন। এই মানববন্ধন একদিকে সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে, অন্যদিকে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা একবাক্যে তুলে ধরেছে।







