ঢাকা | মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরানোর কার্যক্রম শুরু করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। এ উদ্যোগটি নেওয়া হয় নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়, যেন নির্বাচনী প্রচার সামগ্রী দ্রুত অপসারণ করে স্বচ্ছতা ও পরিষ্কার পরিবেশ প্রতিষ্ঠা করা যায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশে এই কর্মসূচি পরিচালিত হয়। এতে অংশ নেন সোনারগাঁ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, যারা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় এই স্বেচ্ছা-সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।

উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম আহামেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদল নেতা রাকিব হোসান, আরিফ হোসেন বাবু, জুয়েল রানা, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, বিডি ক্লিনের সোনারগাঁয় উপস্থিত সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।

স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, এই উদ্যোগটি একে অপরের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও সচেতনতা বৃদ্ধিতে সবাই যার যার অংশগ্রহণ করছেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভোটগ্রহণ শেষে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অনুযায়ী, সোনারগাঁয় বিডি ক্লিনের সহযোগিতায় নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়নে ফেস্টুন ও ব্যানার অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।