ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ আটক ১

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম নামের

একজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ,

২৯টি হাত বোমা ও ৩টি বগিদা জব্দ করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে এক প্রেসবিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার

(অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাটের বিসমিল্লাহ মৎস্য আড়ত থেকে তাকে আটক

করা হয়। আটক আবু বক্কর সিদ্দিক নিজাম (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার

বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা বাজার মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে

বিসমিল্লাহ আড়ৎ থেকে নিজামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়তে

তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বগিদা ও হাতবোমাগুলো জব্দ করা হয়। নিজাম

দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড

করে আসছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, ডাকাত আবু বকর সিদ্দিক নিজামের বিরুদ্ধে

অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।