ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

১৫ বছরের আওয়ামী লীগ সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের পূর্ববর্তী ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ এবং মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

সাক্ষাৎকালে আবরার ফাহাদের পরিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তিন বছরের আগের ওই গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেক ঘটনার ব্যাপক তদন্তের অনুরোধ জানায়।

মোহাম্মদ বরকত উল্লাহ আবরার ফাহাদ হত্যার মামলার বিচার দ্রুত এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।

তিনি বলেন, ‘দেশের স্বার্থে কথা বলায় সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। আবরার অসম পানি বণ্টনের বিরোধিতায় সরাসরি কথা বলেছিল।’ তিনি আরও জানান, আবরারের মা এখনও ছেলের জন্য ব্যথায় কাতরান। তিনি আশা ব্যক্ত করেন, আর কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর যন্ত্রণায় খালি না হয়।

আবরার ফাহাদের পরিবার কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি করেন, যা না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে রয়েছেন। এই সেতু নির্মাণে প্রধান উপদেষ্টার উদ্যোগ গ্রহণের অনুরোধও জানান মোহাম্মদ বরকত উল্লাহ।

ছোট ভাই আবরার ফাইয়াজ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও বেশি শিক্ষার্থীবান্ধব করার জন্য প্রধান উপদেষ্টার নিকট আকুতি জানান। তিনি বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষার্থীদের প্রয়োজনীয় ল্যাব, সরঞ্জাম ও সুবিধাসম্পন্ন নয়। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেবে।’

এছাড়া, বুয়েটে র‍্যাগিং বন্ধ ও এর প্রতিবাদে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আবরার ফাইয়াজ মন্তব্য করেন, ‘বুয়েটে এমন নিপীড়নের ঘটনা নতুন নয়, এর আগেও ঘটেছে, সেগুলো তদন্ত ও বিচার হওয়া জরুরি।’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার হবে। ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও তার সংগঠনের সন্ত্রাসী হামলায় নিহতদের তালিকা করা হবে এবং প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকান্ডেও তদন্ত চলছে। সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’