ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

অমর একুশে গ্রন্থমেলায় মো. আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ মোড়ক উন্মোচন

অমর একুশে গ্রন্থমেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের মুক্ত গদ্যের বই ‘শুধু মাধবীর জন্য’–এর মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের স্টলে আয়োজিত এক সরল ও সংক্ষিপ্ত অনুষ্ঠানে।

শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠানে বইটি লিখোর প্রেক্ষাপট ও বিষয়বস্তুর কথা তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি জানান, বইটি মাধবীর নামে লেখা ব্যক্তিগত চিঠিগুলোর সংকলন, যেগুলোতে সুখ, দুঃখ, রাজনীতি ও একাকিত্বের ক্ষণস্থায়ী ও গভীর অনুভূতি মেলে ধরা হয়েছে।

‘মাধবী’ কে—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটি একটি বড় প্রশ্ন এবং যদি তিনি আগে থেকেই এই নামের পরিচয় প্রকাশ করে দেন, তাহলে পাঠকের আগ্রহ কমে যেতে পারে। তাই পাঠক নিজে পড়া শুরু করলে সব রহস্য উদঘাটিত হবে বলে সংক্ষিপ্তভাবে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বইটি মানুষের অন্তর্গত একাকিত্ব ও মননের নানা দিককে স্পষ্টভাবে দেখায়—আসলে চারপাশে মানুষ থাকলেও অনেক সময় মানুষ ভেতরে একা থাকে এবং তার অনেক অনুভূতি অন্যদের সাথে ভাগ করতে পারে না। এই অনুভূতিই চিঠিগুলোতে ফুটে উঠেছে। বইটিতে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ও ক্ষোভের পাশাপাশি রাজনীতি, রাষ্ট্র, সমাজনীতি ও দর্শনের বিভিন্ন আলোচনা আছে।

আসাদুজ্জামান জানান, তিনি মোট ২৫৩টি চিঠি লিখেছেন; এর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১২৫টি চিঠি প্রকাশিত হয়েছে। পাঠকের প্রতিক্রিয়া বিবেচনা করে ভবিষ্যতে দ্বিতীয় পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে। তিনি পাঠকদের বইটি পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত জানিয়ে লেখাকে সমৃদ্ধ করার আহ্বান জানান এবং পাঠকের আগ্রহকে লেখকের প্রধান অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বইটি সম্পূর্ণ হৃদয়ের ভাবনা থেকে রচিত বলে উল্লেখ করে বলেন, ভালো লাগা ও একাকিত্বের অভিজ্ঞতা থেকেই এই রচনা জন্মেছে। অনুষ্ঠানে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী, লেখকের সহধর্মিণী, শুভানুধ্যায়ী, বিশিষ্টজন ও মেলায় আগত পাঠক ও দর্শকরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনের পর আইনমন্ত্রী বইটি ক্রয়কারী পাঠকদের জন্য অটোগ্রাফ প্রদান করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।