ঢাকা | বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

অর্থমন্ত্রীর মতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি মন্তব্য করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার, কর্মসূচি এবং নীতিগত দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তন জরুরি হয়ে ওঠে, এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এসব পরিবর্তন অব্যাহত থাকবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটি বিবেচনার বিষয় নয়। একটি নতুন সরকার এসেছে, তাদের নিজস্ব বিভিন্ন প্রাধান্য রয়েছে। বাংলাদেশের ব্যাংক কিংবা অন্য কোথাও যে পরিবর্তন আসছে, সেটি চলমান একটি সাধারণ প্রক্রিয়া।’’ অর্থমন্ত্রী আরও বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি এবং নীতিগত পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন আনা হবে। তিনি যোগ করেন, ‘‘নতুন সরকারের যে প্রোগ্রাম, প্রাধান্য ও চিন্তা-ভাবনা—সব মিলিয়ে বাস্তবায়নের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন হবে।’’ এর আগে, সরকার আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আথ্রিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। শর্ত হিসেবে তাকে দায়িত্ব গ্রহণের আগে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দেড় বছরের মাথায় তাকে পদ থেকে সরানো হয়।