ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আইডিই বাংলাদেশের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্র্যাটেজি ২০২৫-৩০ প্রকাশ

ঢাকা, ২৯ জুন ২০২৫ – অন্তর্ভুক্তিমূলক ও বাজারভিত্তিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আইডিই বাংলাদেশ ঢাকার লো মেরিডিয়ান হোটেলে আয়োজিত “Catalyzing Markets: iDE Bangladesh Private Sector Engagement Summit 2025” শীর্ষক সম্মেলনে তাদের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্র্যাটেজি ২০২৫-২০৩০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

সম্মেলনে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, উন্নয়ন ক্ষেত্রে সক্রিয় সহযোগী সংস্থা এবং দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, এসএমসি, লাল তীর সিড লিমিটেড, এনআরবিসি ব্যাংক, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, রহিম আফরোজ, ইসপাহানি এগ্রো, ব্র্যাক ও গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেডের মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বিশ্বব্যাংক, এফসিডিও, ইউনিসেফ, জিআইজেড, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালীয় ও ডেনিশ দূতাবাসের প্রতিনিধি দলও অংশ নেন।

সম্মেলনের মধ্যে প্রাইভেট সেক্টরের ১৪টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। পাশাপাশি, কৃষি, ওয়াশ, নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি ও ফিনটেক খাতের উদ্ভাবনী সমাধানগুলো প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার আয়োজন করা হয়।

প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, পিপিআরসি এবং চেয়ারম্যান, ব্র্যাক, তার প্রতিক্রিয়ায় বলেন, “আইডিইর এই নতুন স্ট্র্যাটেজি সময়োপযোগী ও দূরদৃষ্টিসম্পন্ন একটি উদ্যোগ, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি কার্যকর কাঠামো গড়ে তুলবে।”

সম্মেলনে বক্তৃতা করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (ফাইন্যান্স) উজমা চৌধুরী, এসএমসির অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোহিউদ্দিন আহমেদ, এনআরবিসি ব্যাংকের সিনিয়র ইভিপি কাজি মো. সাফায়েত কবির, দি মেটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, ও রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের সিইও নিতাই পদ সাহা।

আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামীর কার্কি বলেন, “এই স্ট্র্যাটেজি কেবল একটি নীতিমালা নয়, বরং একটি যৌথ ভিশন, যেখানে ব্যবসা এবং উন্নয়ন একসঙ্গে কাজ করে টেকসই এবং কার্যকর বাজার সমাধান তৈরি করবে যা সবার জন্য উপকারি।”

আইডিইর নতুন এই কৌশলগত রোডম্যাপ তাদের চার দশকের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বৃহৎ কর্পোরেশন পর্যন্ত সকলের সঙ্গে সহযোগিতা করে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থাপনার সূচনা করা।