ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনী রোডম্যাপ নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি এবং আশা করছি, আগামী সপ্তাহেই এটি প্রকাশ করা সম্ভব হবে। রোডম্যাপ প্রকাশের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতির একটি স্পষ্ট ধারণা জনগণকে দিতে সক্ষম হব।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশন আগামী সপ্তাহে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা চালাবে। এ পর্যন্ত ৩১৮টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন পাঠিয়েছ এবং এই আবেদনগুলি বর্তমানে যাচাই প্রক্রিয়াধীন।

রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গেও তিনি জানান, ২২টি রাজনৈতিক দলের আবেদন প্রথম ধাপে মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হবে। পাশাপাশি অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত পর্যালোচনা ও আলোচনা করা হচ্ছে এবং এগুলোর অবস্থা অনুসারে ধাপে ধাপে গণমাধ্যমকে জানানো হবে।

প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে গত বৃহস্পতিবার বিশেষ আলোচনা হয়েছে। কোথায়, কীভাবে এবং কত দিনের মধ্যে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসেনি। বিষয়টি চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত ব্রিফিং-এর মাধ্যমে সবাইকে জানানো হবে।

নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সচিব বলেন, রোডম্যাপে নির্বাচনী অংশগ্রহণকারীদের সঙ্গে সংলাপ, গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধনের বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, প্রতি সপ্তাহে অন্তত এক বা দুই দিন তিনি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চালাবেন।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে বলছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় গত ৬ আগস্ট নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে। এই চিঠির মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে।