ঢাকা | সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

আমৃত্যু মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি তাঁর আমৃত্যু আর কখনো মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা তিনি জানান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তৃতায় বলেন, নতুন সরকারের মন্ত্রী হওয়া না-হওয়ার বিষয়টি তিনি আগেই নিশ্চিত জেনে ছিলেন, তবুও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে দ্রুত বের হয়ে যাওয়ার কারণে যে গুঞ্জন উঠেছে—তিনি রাগ করে বা মন্ত্রিত্ব না পাওয়ার আক্রোশেই তা করেছেন—সেটি সম্পূর্ণ ভুল ধারনা। তিনি বললেন, মন্ত্রিত্ব গ্রহণ না করা তার ব্যক্তিগত ইচ্ছা এবং তিনি এ সিদ্ধান্তে অটল থাকবেন।

তিনি আরো বলেন, জনগণের প্রতিনিধির ভূমিকা পালন করাই এখন তার প্রধান লক্ষ্য। সংসদ সদস্য হিসেবে মানুষের অধিকার আদায়, এলাকার উন্নয়ন ও সমাজে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্য দিয়েই তিনি লড়াই চালিয়ে যেতে চান। আমন্ত্রণ পেলেও মন্ত্রিত্বের মোহে তিনি পড়বেন না—এটি তাঁর নৈতিক দায়বোধ ও দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনের প্রতিফলন বলে জানান তিনি।

মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, একজন জনপ্রতিনিধির কাজ নিয়মের কথা বলা এবং শাসন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে এলাকায় উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব আরোপ করেন।

সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ। সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, আফতাব আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভায় অংশ নেন।

গয়েশ্বর চন্দ্র রায় যে ঘোষণা দিয়েছেন, তা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা-প্রসঙ্গ তৈরি করেছে।