ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আমেরিকা থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে বাংলাদেশ এবার প্রথমবারের মতো দ্বিপক্ষীয়ভাবে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ তাদের খাদ্য নিরাপত্তা জোরদার করবে বলে আশা করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে ৫৬,৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ। গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যাতে নিশ্চিত করা যায় গমের মান ও নিরাপত্তা। পর্যায়ক্রমে পরীক্ষার শেষে দ্রুত খালাসের ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এই প্রথমবারের মতো বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এই পরিমাণ গম সরাসরি সরকারিভাবে আমদানি করছে। এই গমের মধ্যে ৩৪,১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে, আর অবশিষ্ট ২২,৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে।