কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বাংলাদেশ উচ্চশিক্ষা প্রতিনিধিদলের সঙ্গে চীন সফরে অংশগ্রহণ করবেন। এই সফরটি চীন দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবং মোট ছয় দিনের হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য নিশ্চিত করেন। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই সফরের সকল খরচ বাংলাদেশে অবস্থিত গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাস বহন করবে, যার ফলে বাংলাদেশ সরকার কিংবা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও আর্থিক ব্যয় হবে না। সফর শেষে উপাচার্যকে মন্ত্রণালয়কে অবহিত করে কর্মস্থলে ফিরে যোগদান করতে হবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে সফর সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দিতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী উপাচার্যের অনুপস্থিতিতে নিয়মিত দায়িত্ব পালন করবেন।
ইবি উপাচার্যের ব্যক্তিগত সচিব গোলাম মাহফুজ মঞ্জু জানান, উপাচার্যের সফরের সমস্ত প্রস্তুতি সম্পন্ন এবং তিনি নির্ধারিত দিনে সফরে যোগ দেবেন। এই সফরটি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “উচ্চশিক্ষা বিষয়ক ইউজিসির অধীনে একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে আমরা চীন সফরে যাচ্ছি। এ সফরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণও আমার সঙ্গে থাকবেন।”
এই সফরের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈদেশিক শিক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দুই দেশের শিক্ষাবিষয়ক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।







