ঢাকা | সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ইরান-ইসরাইল সংঘর্ষের প্রেক্ষিতে কাতারে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

ইরান-ইসরাইল সংঘর্ষের প্রতিক্রিয়ায় দোহার বাংলাদেশ দূতাবাস কাতারে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

দূতাবাস শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি জরুরি বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনা ও সংবেদনশীল এলাকাগুলোর আশপাশ থেকে দূরে থাকার এবং সম্ভব হলে নিজের বাসায় অথবা নিরাপদ কোনো স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে। বিপদ পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে বলা হয়েছে।

দূতাবাস সতর্ক করে বলেছেন, জরুরি পরিস্থিতিতে নিজে বা পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সর্বদা সঙ্গে রাখুন। এতে রয়েছে—নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ঔষধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবার ইত্যাদি।

কাতারের আইন ও সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকারও অনুরোধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতির ছবি বা ভিডিও আপলোড করলে তা কাতারের প্রচলিত আইনভঙ্গের পর্যায়ে পড়তে পারে, তাই অনলাইনে তথ্য ভাগাভাগি করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর বা ইমেইল ([email protected])-এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস আশা প্রকাশ করেছে যে সবাই সতর্কভাবে চলাফেরা করে নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবেন।